প্রিন্সিপালের বার্তা
ইনজিনিয়াস স্কুল অব এক্সিলেন্স প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো আধুনিক শিক্ষার সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- শিক্ষা কখনোই শুধু তথ্য বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা হলো এমন এক আলোকিত শক্তি, যা মানুষকে জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি চরিত্রবান, নৈতিক এবং দায়িত্বশীল করে তোলে। আজকের বিশ্ব প্রযুক্তিনির্ভর। প্রযুক্তি যেমন মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে, তেমনি এর অপব্যবহার মানুষের জীবন ধ্বংস করতেও সক্ষম। আমাদের অঙ্গীকার হলো- শিক্ষার্থীদের প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে বাঁচিয়ে, এর ইতিবাচক ও কল্যাণকর দিকগুলোর সঠিক ব্যবহার শেখানো। আমরা চাই. আমাদের শিক্ষার্থীরা যেন সুন্দর মস্তিষ্ক, সৃজনশীল চিন্তা এবং দৃঢ় নৈতিকতা নিয়ে বড় হতে পারে। আমাদের লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা যারা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না: বরং তারা হবে ভালো মানুষ, দায়িত্বশীল নাগরিক, এবং উত্তম মুসলিম। তারা দুনিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করবে আত্মবিশ্বাসের সাথে, আবার একই সাথে আখিরাতের জন্যও পস্তুতি নেবে। কেননা, আমরা বিশ্বাস করি-"আসল সফলতা হলো আখিরাতের সফলতা।" আমরা আশা করি, আল্লাহর কৃপায় একদিন ইনজিনিয়াম স্কুল অব এক্সিলেন্স দেশ-বিদেশে জ্ঞান, নৈতিকতা ও আদর্শের বাতিঘর হয়ে উঠবে এবং এই প্রতিষ্ঠান থেকে গড়ে উঠবে এমন এক প্রজন্ম যারা দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রেই সফল হবে।